23.6 C
Kolkata
Tuesday, March 17, 2026
Home খেলা বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের দ্বিতীয় পদক, বর্শা ছুড়ে নীরজের রুপো জয়

বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের দ্বিতীয় পদক, বর্শা ছুড়ে নীরজের রুপো জয়

ছবি–সংগৃহীত

ডিজিটাল ডেস্ক, ২৫  জুলাই : অ্যান্ডারসন পিটার্স বাধা টপকাতে পারলেন না। তবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশকে পদক দিয়েই ছাড়লেন নীরজ চোপড়া। মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বর্শা ছুড়ে রুপো গাঁথলেন পানিপথের ‘সোনার ছেলে’। ৮৮.১৩ মিটার দূরে জ্যাভলিনে ছুড়ে রুপো পেলেন তিনি। ২০০৩ সালে অঞ্জু ববি জর্জের পর বিশ্বচ্যাম্পিয়নশিপে আবার পদক জিতল ভারত।

বিশ্ব অ্যাথলেটিক্সের ফাইনালে শুরুটা ভাল হয়নি নীরজের। ফাউল থ্রো করেন তিনি। গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স প্রথমেই ছোড়েন ৯০.২১ মিটার। নীরজের কাজটা কঠিন হয়ে যায়। দ্বিতীয় সুযোগে নীরজ ছোড়েন ৮২.৩৯ মিটার। তৃতীয় সুযোগে দূরত্ব বাড়ান টোকিয়ো অলিম্পিক্সের পদকজয়ী। নীরজ ছোড়েন ৮৬.৩৭ মিটার। তিনটি করে থ্রোয়ের পর ১২ জনের ফাইনালিস্টের মধ্যে প্রথম আট জনকে বেছে নেওয়া হয়। নিজের চতুর্থ থ্রোয়ে ৮৮.১৩ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন নীরজ। সেই থ্রোয়েই পদক জয়ের আশা বাড়িয়ে দেন তিনি।

নীরজের পঞ্চম থ্রোটি বাতিল হয়। টোকিও অলিম্পিক্সে গত বছর সোনা জিতেছিলেন নীরজ। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে সরাসরি যোগ্যতা অর্জন করতে প্রয়োজন ছিল ৮৩.৫০ মিটার দূরে জ্যাভলিন ছোড়া। প্রথম থ্রোতে ৮৮.৩৯ মিটার ছুড়ে সেই কাজটাই করে ফেলেছিলেন নীরজ। দ্বিতীয় সুযোগের আর প্রয়োজন ছিল না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here