শিল্প সমালোচক, দ্য কলকাতা এক্সপ্রেস ডট কম: ‘আনফোল্ডিং ড্রিমস’ শুধুমাত্র কিছু শিল্পকর্মের সমাহার নয়, বরং শিল্পীর কল্পনা, অনুভূতি ও স্বপ্নের এক সৃজনশীল প্রকাশ– যেখানে প্রতিটি ক্যানভাস খুলে দেয় এক নতুন ভাবনার দিগন্ত। স্বশিক্ষিত চিত্রশিল্পী রিমঝিম সিংহ দাশগুপ্তের চতুর্থ একক চিত্রপ্রদর্শনী সেই ‘আনফোল্ডিং ড্রিমস’ অনুষ্ঠিত হল কলকাতায় ঐতিহ্যবাহী একাডেমি অফ ফাইন আর্টসের পশ্চিম গ্যালারিতে। গত ১১ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা তথা প্রাক্তন আইএএস আধিকারিক সুব্রত গুপ্ত।

একসময় তথ্যপ্রযুক্তি জগতের সঙ্গে যুক্ত থাকলেও শিল্পের প্রতি গভীর অনুরাগ ও ভালবাসাই রিমঝিমকে পেশাদার শিল্পচর্চার পথে নিয়ে এসেছে। দীর্ঘদিনের অধ্যবসায়, নিরন্তর পরীক্ষা-নিরীক্ষা এবং নিজস্ব সৃষ্টিশীল ভাবনার মধ্য দিয়ে রিমঝিম আজ নিজের শিল্পীসত্তাকে এক স্বতন্ত্র পরিচিতি দিতে সক্ষম হয়েছেন।

প্রদর্শনীতে শিল্পীর অ্যাক্রিলিক ও মিশ্র মাধ্যমে তৈরি ২৫টি শিল্পকর্ম স্থান পেয়েছে। বাস্তব ও পরাবাস্তবের এক অপূর্ব মেলবন্ধনে শিল্পী তাঁর নিজস্ব কল্পনার জগৎকে ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন। তাঁর ছবিতে রঙ, রেখা ও আঙ্গিকের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে এক স্বপ্নময় অনুভূতির জগৎ। এক নিঃশব্দ, স্বপ্নময় নগরজীবনের মধ্যে এক নারীর অন্তর্লীন অনুভূতি ও মুক্তির আকাঙ্ক্ষা যেমন ফুটে উঠেছে, তেমন-ই প্রকাশ পেয়েছে বাস্তবের কঠিন আবরণের আড়ালেও মানুষের মন তার নিজস্ব স্বপ্নের জগতে বেঁচে থাকে।





