ধনতেরাসে সোনার গয়না পছন্দের এক ঝলক। সৌজন্য ছবি– পিটিআই।
ডিজিটাল ডেস্ক, ৬ নভেম্বর: সোনার দাম কমায় বিক্রি অনেকটাই বেড়েছে বলে গয়না ব্যবসায়ীদের দাবি। পাশাপাশি রুপোর গয়না কেনার চাহিদাও বেড়েছে। সংশ্লিষ্ট শিল্পব্যবসায়ী মহলের মতে সোনার দাম কিছুটা কমে আসায় ক্রেতারা আকৃষ্ট হয়েছেন। যার ফলে ধনতেরাসে বিক্রি বাড়বে বলে মনে করা হচ্ছে।
হিন্দু পঞ্জিকা অনুযায়ী দীপাবলীর দু’দিন আগে পালিত ধনতেরাসকে মূল্যবান ধাতু কেনার জন্য সবচেয়ে শুভ দিন হিসেবে গণ্য করা হয়। সংবাদ সংস্থা পিটিআইকে অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের (জিজেসি) চেয়ারম্যান রাজেশ রোকদে বলেন, ‘‘আমাদের প্রাথমিক হিসাব অনুযায়ী, ধনতেরাস উপলক্ষে সারা ভারতে স্বর্ণের মোট ব্যবসার পরিমাণ প্রায় ৬০ হাজার কোটি টাকা হতে পারে।’’ তবে তিনি জানান, গত বছরের তুলনায় বিক্রির পরিমাণ প্রায় একই রকম থাকতে পারে। কারণ সোনার দাম এখনও গত বছরের তুলনায় বেশি।
সূত্র বলছে–ক্রেতারা মূলত হালকা ওজনের এবং ১৮ ক্যারেটের গয়না বা সাশ্রয়ী মূল্যের অন্যান্য সামগ্রীর দিকে ঝুঁকছেন। জিজেসি-র প্রত্যাশা– রুপো বিক্রির ক্ষেত্রে মূল্যমান অনুযায়ী ৩০ শতাংশ এবং পরিমাণ অনুযায়ী ১০ শতাংশ বৃদ্ধি হতে পারে। কল্যাণ জুয়েলার্সের এক্সিকিউটিভ ডিরেক্টর রমেশ কল্যাণরামন জানান– সোনার দাম কিছুটা কমে আসায় উৎসবের কেনাকাটায় বাড়তি গতি এসেছে।