20 C
Kolkata
Saturday, March 21, 2026
Home Lead News কেন্দ্রীয় বাজেটে নারী শিক্ষার প্রসারে বাড়তি গুরুত্ব নির্মলার

কেন্দ্রীয় বাজেটে নারী শিক্ষার প্রসারে বাড়তি গুরুত্ব নির্মলার

সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সৌজন্য ছবি–পিটিআই।

ডিজিটাল ডেস্ক, ১ ফেব্রুয়ারি: রবিবার ইতিহাস গড়েছে ভারতের বাজেট প্রথা। টানা নবমবারের মতো সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর একাধিক রাজ্যের নির্বাচনের আগে সেই বাজেটে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে নারী শিক্ষার উপর।

এ বার বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে পরিকাঠামো জোরদার করতে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, শিক্ষা থেকে কর্মসংস্থানে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন স্থায়ী কমিটি গঠনের পরিকল্পনা করছে সরকার। এই কমিটি পরিষেবা ক্ষেত্রের বৃদ্ধির সম্ভাবনাকে সর্বোত্তম করার জন্য ক্ষেত্রগুলিকে অগ্রাধিকার দেবে এবং পরিষেবা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন প্রযুক্তির প্রভাব পর্যালোচনা করবে।

এ ছাড়াও কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, সারা দেশে পাঁচটি বিশ্ববিদ্যালয় টাউনশিপ তৈরি হবে। এর মধ্যে থাকবে গবেষণাকেন্দ্রও। পাশাপাশি, মহাকাশ গবেষণা ও ইতিহাস গবেষণায় জোর দেওয়া হয়েছে। শিক্ষাক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণায় জানানো হয়েছে, দেশের পূর্বাঞ্চলে একটি নতুন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন স্থাপন করা হবে, যা ওই অঞ্চলের ডিজাইন শিক্ষা ও শিল্পোন্নয়নে নতুন গতি আনবে।

কেন্দ্রীয় বাজেটে নারী শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দিয়ে নির্মলা সীতারামন জানিয়েছেন, প্রতিটি জেলায় একটি করে মেয়েদের হস্টেল গড়ে তোলা হবে। সেই সঙ্গে দেশে ‘আয়ুর্বেদ’ শিক্ষার প্রসার ঘটাতে তিনটি এইমস এবং তিনটি ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ’ তৈরি করা হবে। গুজরাটের জামনগরে অবস্থিত হু গ্লোবাল মেডিসিন সেন্টারের পরিকাঠামোও উন্নত করা হবে। শুধু আয়ুর্বেদ নয়, দেশে সার্বিক শিক্ষার উপরেও এই বাজেটে জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার।

অর্থমন্ত্রী জানান, সারা দেশে ১৬ হাজার নতুন সেকেন্ডারি স্কুল তৈরি হবে। একই সঙ্গে পর্যটনে গাইড প্রশিক্ষণেও যত্নবান হওয়ার কথা বলা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসা পরিষেবা ও মেডিক্যাল টুরিজম বাড়াতে পাঁচটি রিজিওনাল মেডিক্যাল হাব গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়াও কেন্দ্রীয় বাজেটে ডিজিটাল ও সৃজনশীল দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশে এভিজিসি কনটেন্ট ক্রিয়েটর ল্যাব স্থাপনের প্রস্তাব রাখা হয়েছে, যা অ্যানিমেশন, ভিজুয়াল ইফেক্টস, গেমিং ও কমিক্স খাতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বাড়াবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here