মোহিত উলভা নিয়ে সহ-খেলয়াড়দের উচ্ছ্বাস। ছবি – সংগৃহীত।
ডিজিটাল ডেস্ক, ১৪ নভেম্বর: গ্রুপ পর্বে পাকিস্তানের কাছে হারতে হয়েছিল। তবে ফাইনালের মঞ্চে সেই হারের জবাব দিল ভারত। রুদ্ধশ্বাস লড়াইয়ের শেষে শেষ বলে জয় ছিনিয়ে নিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের মুকুট নিজেদের মাথায় তুলে নিল তারা। পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে নবমবার চ্যাম্পিয়ন হল ভারত।
ওমানে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করে পাকিস্তান ৫০ ওভারে ৩৩৭/৯ রান তোলে। উসমান খান (১০৭), আব্দুল কাদির (৮০) ও ফারহান ইউসুফ (৬৩)-এর ইনিংসে ভর করেই বড় রান খাড়া করে তারা। জবাবে ব্যাট করতে নেমে লক্ষ্যা রাইচান্দানির ৮০ ও আর্যবীর সেহওয়াগর ৫৮ রানে ভাল শুরু পেয়েছিল ভারত। কিন্তু মাঝের সারির ধস ম্যাচকে পাকিস্তানের দিকে ঝুঁকিয়ে দেয়। একসময় ভারতের স্কোর ছিল ২৫২/৮। তখন জয় প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছিল।
সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মানাল চৌহান ও মোহিত উলভা। নবম উইকেটে তাঁদের লড়াকু জুটি ভারতকে ফের ম্যাচে ফিরিয়ে আনে। মানাল চৌহান ৪৭ রান করে আউট হলেও শেষ পর্যন্ত অবিচল থাকেন মোহিত উলভা। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ রান। চাপের সেই মুহূর্তে দুর্দান্ত এক বাউন্ডারি হাঁকিয়ে ভারতকে শিরোপা এনে দেন মোহিত উলভা। ২৬ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলে তিনি হয়ে ওঠেন ফাইনালের নায়ক।