22 C
Kolkata
Wednesday, November 11, 2026
Home সম্পাদকীয় উত্তর সম্পাদকীয় বিকশিত ভারত গড়ার স্বপ্ন পূরণে পরিবেশের সুরক্ষা ও জলবায়ু সংকটের মোকাবিলা জরুরি

বিকশিত ভারত গড়ার স্বপ্ন পূরণে পরিবেশের সুরক্ষা ও জলবায়ু সংকটের মোকাবিলা জরুরি

রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলনে বক্তব্য রাখছেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি– সংগৃহীত।

অর্থনৈতিক সমৃদ্ধি, জ্বালানি স্বনির্ভরতা ও পরিবেশ সংরক্ষণের সমন্বয়েই গড়ে উঠুক ভবিষ্যতের ভারত।

লিখছেন– অনিমেষ বসু সরকার

২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষে ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘বিকশিত ভারত’-এর এই স্বপ্ন কেবল অর্থনৈতিক সমৃদ্ধি, শিল্পায়ন, আধুনিক পরিকাঠামো ও প্রযুক্তিগত অগ্রগতির মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। এর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত পরিবেশের সুরক্ষা, প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ, জ্বালানি নিরাপত্তা এবং নাগরিকদের সুস্থ ও নিরাপদ জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করা। গত ১১ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’-এ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সতর্কবার্তা ভারতের উন্নয়ন-পরিকল্পনার ক্ষেত্রেও বিশেষ তাৎপর্যপূর্ণ। তাঁর বক্তব্য, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বের রাষ্ট্রগুলির সম্মিলিত উদ্যোগ এখনও প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। এই পরিস্থিতিতে বিপর্যয় এড়াতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিচ্ছন্ন শক্তির দিকে দ্রুত এগিয়ে যাওয়া জরুরি।

ভারতের সামনে চ্যালেঞ্জটি দ্বিমুখী। একদিকে অর্থনৈতিক অগ্রগতি, শিল্পায়ন, নগরায়ন ও কর্মসংস্থান সৃষ্টির জন্য ক্রমবর্ধমান জ্বালানির প্রয়োজন। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব দেশের কৃষি, জনস্বাস্থ্য, খাদ্যনিরাপত্তা ও সাধারণ মানুষের জীবনযাত্রাকে ক্রমশ বিপন্ন করছে। উত্তর ভারতে তীব্র তাপপ্রবাহ, হিমালয়ের পরিবেশগত পরিবর্তন, উত্তর-পূর্ব ভারতে অতিবৃষ্টি ও ভূমিধস এবং উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি উদ্বেগ বাড়াচ্ছে। পশ্চিমবঙ্গের সুন্দরবনে লবণাক্ততার বিস্তার, নদীভাঙন ও জীবিকার সংকটও বিপদের স্পষ্ট সংকেত। এ সব সমস্যার প্রভাব শুধু প্রকৃতির মধ্যেই সীমাবদ্ধ থাকে না; কৃষি উৎপাদন, মানুষের আয়, খাদ্য ও পানীয় জলের জোগান এবং সামগ্রিক অর্থনীতিতেও তার প্রভাব পড়ে। ফলে জলবায়ু পরিবর্তন কেবল পরিবেশের সমস্যা নয়, এটি ভারতের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তারও প্রশ্ন।

এই বাস্তবতায় বিকশিত ভারতের জন্য প্রয়োজন এমন এক উন্নয়ন-পরিকল্পনা, যেখানে অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষাও সমান গুরুত্ব পাবে। ভারতের বিদ্যুৎ উৎপাদন ও শিল্পের একটি বড় অংশ এখনও কয়লানির্ভর। ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার কথা বিবেচনা করলে এই নির্ভরতা রাতারাতি দূর করা সম্ভব নয়। তবে পর্যায়ক্রমে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ, পারমাণবিক শক্তি ও ‘সবুজ’ হাইড্রোজেনের ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে বিদ্যুৎ সংরক্ষণের ব্যবস্থা, আধুনিক বিদ্যুৎ সরবরাহ পরিকাঠামো এবং শক্তির সাশ্রয়ী ব্যবহারে পর্যাপ্ত বিনিয়োগ জরুরি। এই পরিবর্তন শুধু দূষণ কমাতেই সাহায্য করবে না, সৌর প্যানেল, ব্যাটারি, বৈদ্যুতিক যান ও পরিচ্ছন্ন প্রযুক্তির মতো নতুন শিল্পের প্রসার ঘটিয়ে গবেষণা, প্রযুক্তি ও কর্মসংস্থানের সুযোগও তৈরি করতে পারে।

পরিচ্ছন্ন জ্বালানির প্রসারের সঙ্গে দেশের জ্বালানি নিরাপত্তারও সরাসরি সম্পর্ক রয়েছে। ভারতের জ্বালানি চাহিদার একটি বড় অংশ আমদানির ওপর নির্ভরশীল। ফলে আন্তর্জাতিক সংঘাত ও বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতার প্রভাব দেশের অর্থনীতিতে পড়ে। তেলের দাম বাড়লে আমদানি ব্যয়, মুদ্রাস্ফীতি ও পরিবহণ খরচ বাড়ে; তার প্রভাব শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনযাত্রাতেও এসে পড়ে। তাই দেশীয় পরিচ্ছন্ন শক্তির উৎপাদন বাড়ানো শুধু পরিবেশ রক্ষার উদ্যোগ নয়, দেশের জ্বালানি-নির্ভরতা কমানোরও একটি গুরুত্বপূর্ণ উপায়। পাশাপাশি সৌর প্যানেল, ব্যাটারি, বৈদ্যুতিক যান, সবুজ হাইড্রোজেন ও পরিচ্ছন্ন প্রযুক্তির সরঞ্জাম দেশেই তৈরি করার ওপর জোর বেশি করে দিতে হবে। এতে নতুন শিল্পের প্রসারের পাশাপাশি আন্তর্জাতিক জ্বালানি অর্থনীতিতেও ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার সুযোগ তৈরি হতে পারে।

তবে পরিচ্ছন্ন জ্বালানির দিকে এই পরিবর্তন হতে হবে পরিকল্পিত, ন্যায়সংগত ও সকলের জন্য গ্রহণযোগ্য। কয়লানির্ভর শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের জীবিকা, সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ এবং দরিদ্র পরিবারের জ্বালানির প্রয়োজন উপেক্ষা করা যাবে না। উন্নয়নের সুফল যেমন সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছনো প্রয়োজন, তেমনই পরিচ্ছন্ন জ্বালানিতে পরিবর্তনের খরচ যেন সাধারণ মানুষের ওপর অতিরিক্ত বোঝা হয়ে না পড়ে, তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ পরিবেশ রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের জীবিকা ও ন্যূনতম প্রয়োজনকে বিপন্ন করা চলবে না।

এখানে আন্তর্জাতিক জলবায়ু ন্যায়বিচারের প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। শিল্পবিপ্লবের পর থেকে উন্নত দেশগুলি বিপুল পরিমাণ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছে। অথচ জলবায়ু পরিবর্তনের অভিঘাত বহন করতে হচ্ছে উন্নয়নশীল দেশগুলিকেও, যাদের অনেকেরই এই সংকট তৈরিতে অবদান তুলনামূলকভাবে কম। তাই জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নত দেশগুলির কাছ থেকে প্রয়োজনীয় অর্থ ও আধুনিক প্রযুক্তির সাহায্য চাওয়া ভারতের ন্যায্য অধিকার। তবে সেই সাহায্যের অপেক্ষায় না থেকে, দেশের উন্নয়নের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভারতকে নিজের উদ্যোগে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্রিয় ভূমিকা নিতে হবে।

কারণ, বিকশিত ভারত গড়ার জন্য শুধু জ্বালানি নীতির পরিবর্তনই যথেষ্ট নয়। পরিবেশ রক্ষা, প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানোর জন্যও সমান গুরুত্ব দিতে হবে। কৃষিক্ষেত্রে জলবায়ুর সঙ্গে মানিয়ে নিতে পারে এমন বীজ, কীটনাশকমুক্ত সার, উন্নত সেচব্যবস্থা ও জল সংরক্ষণের ওপর জোর দেওয়া প্রয়োজন। শহরে জলাভূমি ও সবুজ অঞ্চল রক্ষা, গণপরিবহণের প্রসার এবং বর্জ্য পুনর্ব্যবহারের ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে। সুন্দরবনের মতো সংবেদনশীল অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য সংরক্ষণ এবং উপকূলীয় মানুষের জীবিকা সুরক্ষাও উন্নয়ন পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত। পরিবেশবান্ধব জীবনযাত্রার প্রসারেও সরকার ও নাগরিকদের যৌথ উদ্যোগ প্রয়োজন। কারণ, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়; নাগরিকদের দৈনন্দিন অভ্যাস ও সচেতনতাও এই পরিবর্তনের গুরুত্বপূর্ণ অংশ।

ভারতের দীর্ঘমেয়াদি জলবায়ু অঙ্গীকারের সঙ্গে বিকশিত ভারতের লক্ষ্যকে যুক্ত করার প্রয়োজনীয়তা ইতিমধ্যেই সামনে এসেছে। ভারত ২০৭০ সালের মধ্যে ‘নিট-শূন্য’ গ্রিনহাউস গ্যাস নিঃসরণে পৌঁছনোর অঙ্গীকার করেছে। এর অর্থ, ওই সময়ের মধ্যে দেশের মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণ এবং বনভূমি, বৃক্ষরোপণ ও অন্যান্য প্রাকৃতিক বা প্রযুক্তিগত ব্যবস্থার মাধ্যমে বায়ুমণ্ডল থেকে অপসারিত গ্রিনহাউস গ্যাসের পরিমাণের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করা। এই লক্ষ্য পূরণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, ধারাবাহিক উদ্যোগ এবং বিভিন্ন ক্ষেত্রের সমন্বিত ভূমিকা প্রয়োজন।

আসলে বিকশিত ভারত মানে শুধু উচ্চতর জাতীয় আয়, বড় শিল্প, প্রশস্ত সড়ক কিংবা আধুনিক নগরী নয়। এর অর্থ সুস্থ পরিবেশ, নিরাপদ খাদ্য ও পানীয় জল, সাশ্রয়ী জ্বালানি, দুর্যোগ মোকাবিলায় সক্ষম জনপদ এবং সকলের জন্য উন্নয়নের সুযোগ নিশ্চিত করা। জলবায়ু সংকটের মোকাবিলাকে তাই উন্নয়নের অন্তরায় হিসেবে না দেখে ভবিষ্যতের অর্থনৈতিক শক্তি হয়ে ওঠার সুযোগ হিসেবে দেখতে হবে। গুতেরেসের সতর্কবার্তা আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতির সীমাবদ্ধতাকে অগ্রাহ্য করে কোনও উন্নয়নই দীর্ঘস্থায়ী হতে পারে না। ২০৪৭ সালের বিকশিত ভারত গড়ে তোলার প্রকৃত সার্থকতা সেখানেই, যেখানে অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি সুরক্ষিত থাকবে প্রকৃতি, পরিবেশ এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here