ডিজিটাল ডেস্ক, ৩ মার্চ: পরমাণুচুক্তি নিয়ে ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা শুরু হয়েছিল। তবে সেই আলোচনার মধ্যেই ইরানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ শুরু করে আমেরিকা। চুপ নেই তেহরানও। পশ্চিম এশিয়া জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মার্কিন এবং ইজ়রায়েল ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলাও চালাচ্ছে ইরান। এই সংঘাতে উত্তপ্ত পশ্চিম এশিয়া। আর এই পরিস্থিতিতে পরমাণুচুক্তি নিয়ে কোনও আলোচনা সম্ভব নয় বলে আগেই দাবি করেছিল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে এই যুদ্ধ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে এবং বলেছেন যে আমেরিকার মজুদ অস্ত্র দিয়ে ‘চিরকাল’ যুদ্ধ করা যেতে পারে। ইরানি রেড ক্রিসেন্টের মতে– ইরানে মৃতের সংখ্যা এখন পর্যন্ত প্রায় ৮০০-এ পৌঁছেছে।
গত শনিবার ভোরে তেহরানে হামলা চালায় ইজ়রায়েল এবং আমেরিকা। তাতে মৃত্যু হয় সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খামেনেইয়ের। তার পরেই ইজ়রায়েল এবং পশ্চিম এশিয়ার যে দেশগুলিতে আমেরিকার ঘাঁটি রয়েছে, সেখানে প্রত্যাঘাত শুরু করে ইরান। এই পরিস্থিতিতে মঙ্গলবার ভারতের বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে জানায়, ২৮ ফেব্রুয়ারি ইরান এবং উপসাগরীয় অঞ্চলে যে সংঘাত শুরু হয়েছে তা নিয়ে তারা উদ্বিগ্ন। উভয় পক্ষকেই সংযত হওয়ার আর্জি জানিয়েছে ভারত।
তবে ট্রাম্পের দাবি, যুদ্ধ শুরুর পর ইরান চেয়েছিল আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে, যা এখন আর সম্ভব নয়। আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় ওঠে কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নামেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে। পাশাপাশি ট্রাম্পের হুঙ্কার, ‘‘ইরান যদি এখনও হামলা বন্ধ না করে, তা হলে এর পর এমন হামলার রাস্তায় যাব, ওরা কল্পনাও করতে পারবে না।’’ তবে হুমকি, পাল্টা হুমকির মধ্যে সংঘাত চলছেই পশ্চিম এশিয়ায়।
ইতিমধ্যে, বিবৃতি দিয়ে পশ্চিম এশিয়ায় দ্রুত যুদ্ধ থামানোর কথাও বলেছে নয়াদিল্লি। এই আবহে ওমান এবং কুয়েতের রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম এশিয়ার যে সব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেখানে প্রত্যাঘাত করছে ইরান। সেই তালিকায় রয়েছে ওমান এবং কুয়েতও। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, পরিস্থিতির উপরে নজর রাখছে তারা। তবে পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে আলোচনায় রাজি ইরান। মঙ্গলবার ইরানের নিহত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের প্রতিনিধি আব্দুল মজিদ হাকিম ইলাহি এ কথা জানিয়েছেন। কিন্তু তার সঙ্গে হামলাকারী আমেরিকা এবং ইজ়রায়েলকে একটি শর্তও দিয়েছেন তিনি। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে ইলাহি মঙ্গলবার বলেন, ‘‘ইরান আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু মর্যাদার সঙ্গে।’’